ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন আলাদা, তেমনি বাড়ে উপকারিতাও। অনেকেই ভাবেন, চা গাছ মানেই পাহাড়ি এলাকা বা বিশেষ পরিবেশ দরকার। কিন্তু, কিছু ভেষজ গাছ খুব সহজেই আপনার বারান্দার ছোট্ট টবেই বেড়ে উঠতে পারে।
চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি ভেষজ গাছ। যেগুলো দিয়ে ঘরেই বানাতে পারবেন সুস্বাদু ও উপকারী চা।
পুদিনা
বারান্দায় চাষের জন্য সবচেয়ে সহজ গাছগুলোর একটি হলো পুদিনা। সামান্য রোদ আর একটু আর্দ্র মাটি পেলেই এটি দ্রুত ছড়িয়ে পড়ে। পুদিনা চা হজমে সাহায্য করে এবং বমিভাব কমাতে বেশ কার্যকর। গরমের দিনে এই চা শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। সারাদিনের ক্লান্তির পর এক কাপ পুদিনা চা মনকে সতেজ করে তোলে।
তুলসী
তুলসীর ঔষধি গুণও অসাধারণ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তুলসী চায়ের জুড়ি নেই। সর্দি-কাশি বা মানসিক চাপ কমাতেও এটি বেশ উপকারী। তুলসী গাছের জন্য দরকার রোদযুক্ত জায়গা ও পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা। নিয়মিত যত্নে এটি খুব দ্রুত বেড়ে ওঠে।
ক্যামোমাইল
ভালো ঘুমের জন্য ক্যামোমাইল চা বিশ্বজুড়ে পরিচিত। ছোট টবে বীজ বপন করেই এর চাষ শুরু করা যায়। গাছে ছোট সাদা ফুল ফোটে, আর সেই ফুল শুকিয়ে তৈরি হয় চা। ক্যামোমাইল চা স্নায়ু শান্ত রাখতে সাহায্য করে এবং অনিদ্রা দূর করতে কার্যকর ভূমিকা রাখে।
লেমনগ্রাস
লেবুর মতো সতেজ ঘ্রাণযুক্ত লেমনগ্রাস গরম ও রৌদ্রোজ্জ্বল পরিবেশে ভালো জন্মায়। এই গাছের পাতা ও কান্ড, দুটোই চা তৈরিতে ব্যবহার করা যায়। লেমনগ্রাস চা হজমে সহায়তা করে এবং শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। এর সতেজ ঘ্রাণ মনকেও ভালো করে দেয়।
ল্যাভেন্ডার
ল্যাভেন্ডার চাষে একটু বেশি যত্নের প্রয়োজন হলেও এর সৌন্দর্য ও গন্ধ দুটোই অসাধারণ। এই গাছের ফুল দিয়ে তৈরি চা উদ্বেগ ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। বারান্দায় ল্যাভেন্ডার থাকলে শুধু চা নয়, পুরো পরিবেশই হয়ে ওঠে প্রশান্তিময়।
অল্প জায়গা আর সামান্য যত্নেই এই ভেষজ গাছগুলো আপনার দৈনন্দিন জীবনে এনে দিতে পারে একটুখানি প্রশান্তি। তাই দেরি না করে আজই শুরু করুন নিজের বারান্দায় ছোট্ট ভেষজ বাগান। এক কাপ চায়ের সঙ্গে মিশে থাকুক নিজের হাতে গড়ে তোলা ভালোবাসা।