দেশে অনেক উন্নয়ন হলেও তা অন্তর্ভূক্তিমূলক না হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠি তার ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বুধবার সংগঠনটির এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। এ সংকট উত্তরণে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার মাধ্যমে জবাবদিহি নিশ্চিতের তাগিদও দেন তিনি।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘উন্নয়নের মধ্যে ন্যায্যতা আনতে হবে। উন্নয়নে যদি ন্যায্যতা আনতে না পারি অর্থাৎ পিছিয়ে পড়া মানুষের হিস্যা যদি জোরদার করতে না পারি, ওই উন্নয়ন পূর্ণ উন্নয়ন হয় না। পরিবর্তনটাকে কার্যকর করতে হলে অবশ্যই গণতান্ত্রিক জবাবদিহি যদি না আনা যায়, ওই যে জায়গাটায় যে ঘাটতিটা আমাদের, সেটা আমরা পূরণ করতে পারব না।’
সরকার নানা জনকল্যাণমূলক উদ্যোগ নিলেও প্রান্তিক জনগোষ্ঠী এখনও পিছিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। দেবপ্রিয় বলেন, ‘যেখানে ভোট প্রয়োগের মাধ্যমে প্রান্তিক মানুষ তাদের মতামত দিতে পারেন। নিজেদের কথা বলতে পারেন।’
সংবাদ সম্মেলনে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিতে হলে, কাউকে পিছিয়ে রাখা যাবে না। এজন্য নৈতিক অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে তাদের এগিয়ে নিয়ে যেতে হবে।’
সংবাদ সম্মেলনে ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্য অর্জনে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিত সুরক্ষা এবং জলবায়ু মোকাবিলায় সরকারের নেওয়া নানা প্রকল্পের মূল্যায়ন এবং ঘাটতি মোকাবিলায় বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।