মানবতাবিরোধী অপরাধ 

বিচারের মুখোমুখি সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক

সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপি নেতা ওসমান ফারুকের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার অনুসন্ধান শেষে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন শাখায় জমা দিয়েছে তদন্ত সংস্থা। প্রাথমিকভাবে এতে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেও জানা গেছে।

গত ৩ অক্টোবর গোপনীয়তার সঙ্গে তদন্ত প্রতিবেদনটি জমা দেয় তদন্ত সংস্থা, যা যাচাই–বাছাই করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে প্রসিকিউশন শাখা।

এখন প্রসিকিউশনের পক্ষ থেকে ওসমান ফারুককে গ্রেপ্তার করতে পরোয়ানা জারির জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হতে পারে। গ্রেপ্তার না করা হলে তাঁর অনুপস্থিতিতেই চলবে বিচারকাজ।

২০১৫ সালের অক্টোবরে ময়মনসিংহ-৭ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করতে গিয়ে ওসমান ফারুকসহ ১১ জনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। ওসমান ফারুকের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাইধনখালী গ্রামে।

এর আগে, ২০১৬ সালের ৪ মে এক সংবাদ সম্মেলনে ওসমান ফারুকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের ঘোষণা দেয় তদন্ত সংস্থা। সে সময় জানানো হয়েছিল, ১৯৭১ সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ১১ জনের তালিকা নিয়ে তারা কাজ করছেন। সেই তালিকায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন এগ্রিকালচার ইকোনমি অনুষদের রিডার ওসমান ফারুকের নামও আছে।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত শুরুর ঘোষণার পরপরই দেশ ছাড়েন ওসমান ফারুক। তিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন।