পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। আজ সোমবার প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন দীপেন দেওয়ান। তিনি লিখেছেন, শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে।
দীপেন দেওয়ান আরও লিখেছেন, বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে আমার বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করছি।
১৯৬৩ সালের ৮ জুন রাঙ্গামাটির রাঙ্গাপানি এলাকায় জন্মগ্রহণ করেন দীপেন দেওয়ান। তাঁর বাবা সুবিমল দেওয়ান বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা ছিলেন।
২০১০ সালে দীপেন দেওয়ান রাঙামাটি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০১৬ সালে বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্ব পান। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে এক লাখ ৬৯ হাজার ৬৬ ভোটের ব্যবধানে হারিয়ে তিনি প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন।



