প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লক্ষ্য একটাই, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। আজ মঙ্গলবার সকালে পূর্বাচল এক্সপ্রেসওয়ে, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রামগড় স্থলবন্দরসহ ১০ হাজারের বেশি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ভোটচুরি ও ডাকাতি বিএনপির আমলেই শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার পরিকল্পনামাফিক এগিয়েছে বলেই বিএনপির সময় দেশের শিক্ষার হার ৪৫ শতাংশ থাকলেও আওয়ামী লীগ সরকারের আমলে তা ৭৬ শতাংশ ছাড়িয়েছে।
আজ যে প্রকল্পগুলো উদ্বোধন করা হয়েছে সেগুলোর মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা। এগুলোর মধ্যে ১৫টি প্রকল্প নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা বাস্তবায়ন করছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চারটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া আরও চার প্রকল্পের অধীনে, সারা দেশে ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ভবন নির্মাণ করা হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে চারটি ডে কেয়ার সেন্টারেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
আজ মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে দুটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রও খুলবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ১ হাজার ২৫৯টি ভবনও উদ্বোধন করা হবে আজ।