সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জনসভায় এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার যখন উন্নয়নে কাজ করছে তখন পলাতক মহল সীমান্তের ওপাড়ে বসে প্রভুদের খুশি করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে।’
দেশের মানুষ এর গুম-খুনের রাজনীতি দেখতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৬ বছর বন্দুক ঠেকিয়ে দেশ ও দেশের মানুষকে শাসন করেছে পালিয়ে যাওয়া শক্তি। সে সময়ের মানুষের কথা বলার অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না।’ ২৪-এর মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের প্রতিহত করার আহ্বান জানান সরকার প্রধান।
অর্থপাচারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি, প্রতিবছর লাখ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। যখন এই দেশ থেকে পালিয়ে গেছে, সমগ্র বিশ্বের আন্তর্জাতিক সব পত্রপত্রিকায় উঠে এসেছে, কীভাবে তারা এই দেশের দুস্থ, অসহায়, গরিব মানুষের লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে আরাম-আয়েশে জীবনযাপন করেছে। শুধু যে তারা এই দেশের স্বার্থ দেখে নাই, এই দেশের মানুষের স্বার্থ দেখে নাই, তা না; একই সঙ্গে যে দেশে তারা পালিয়ে গিয়েছে, সীমান্তের ওপারে, সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার এই দেশের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।’
এ সময় পঞ্চগড় পর্যন্ত গ্যাস লাইন নিয়ে আসা হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এর ফলে নতুন নতুন কারখানা গড়ে উঠবে, কর্মসংস্থান বাড়বে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।


