বেইলি রোডের আগুন নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী 

ফায়ার এক্সিট না থাকায় বেইলি রোডের আগুনে হতাহত বেশি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। 

বৃহস্পতিবার রাতে লাগা রাজধানীর বেইলি রোডের গ্রীন কোজি কটেজের আগুনের এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৬। ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের চেষ্টায় দুই ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে বাণিজ্যিক ভবনটি। ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বেইলি রোডে যে আগুনটা লাগল, সেখানে একটি মাল্টিস্টোরেড বিল্ডিং, এটার কোনো ফায়ার এক্সিট নেই। আমি সাধারণত, আমাদের আর্কিটেকদের সব সময় অনুরোধ করি, আপনারা অন্ততপক্ষে যখন ঘরবাড়ি তৈরি করেন খোলা বারান্দা, ফায়ার এক্সিট ও ভেন্টিলেশনের ব্যবস্থা করবেন। আর আমি জানি, নিশ্চই এখানে ইনস্যুরেন্স টিনস্যুরেন্স কিছুই করা নাই কাজেই তারা বিনিময়ে কিছু পাবেও না। এসব ক্ষেত্রে আসলে সচেতনতাটা খুব বেশি প্রয়োজন।’  

ব্যবসা-প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ প্রধানমন্ত্রী জানান, আগুনের ঘটনা তদন্ত করে দেখা গেছে অনেক গার্মেন্টস মালিক পরিকল্পনা করেই অসৎ উদ্দেশে এসব ঘটনা ঘটান। 

দুর্ঘটনা ঘটতেই পারে তবে নিরাপত্তার স্বার্থে বিমা করে রাখার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। এসময় বিমার দাবি যেনো সবাই পায় সেদিকেও নজর দেয়ার আহ্বান জানান সরকার প্রধান।