দেশে বৃষ্টিজনিত দুর্যোগের আভাস দেওয়া হয়েছিল আগেই

ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। অভিযোগ উঠেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এমন পরিস্থিতি হয়েছে। তবে ভারত এটি অস্বীকার করেছে। তারা বলছে, ভারী বৃষ্টির কারণে হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগ। 

এবার বর্ষায় বৃষ্টিপাত বেশি হতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। এই তথ্য জানানো হয়েছিল গণমাধ্যমসহ সরকারি দপ্তরগুলোকেও। ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এমনটিই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ। 

চলতি বছরের এপ্রিলে ভারতের পুনে শহরে একটি সম্মেলন বসেছিলেন আবহাওয়া বিশেষজ্ঞরা। সেটি ছিল সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরামের ২৮তম অধিবেশন। ওই সম্মেলনের ফাইনাল স্টেটমেন্টও পরে প্রকাশিত হয়। ‘স্টেটমেন্ট অন দ্য সিজনাল ক্লাইমেট ওভার সাউথ এশিয়া ফর দ্য টুয়েন্টি টুয়েন্টি ফোর সাউথওয়েস্ট মনসুন সিজন (জুন–সেপ্টেম্বর)’ শীর্ষক ওই বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, এবারের বর্ষায় অতিবৃষ্টি হওয়ার বিষয়ে।  

ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন এ দেশের আবহাওয়াবিদ বজলুর রশিদও। তিনি জানান যে, ওই সম্মেলনে বলা হয়েছিল এবারের বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। বাংলাদেশের বৃষ্টি যেমন বেশি হবে, তেমনি বাংলাদেশের উজানে ভারতের রাজ্যগুলোতেও বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। 

সম্মেলনে বিশেষজ্ঞরা আরও জানিয়েছিলেন, দক্ষিণ এশিয়ার আবহাওয়া থেকে ‘এল নিনো’ দুর্বল হয়েছে, ‘লা নিনা’ সক্রিয় হয়েছে। তাঁদের ধারণা ছিল, শিগগিরই এই অঞ্চলে বৃষ্টি শুরু হবে। তবে কোন মাসে বৃষ্টি বেশি হবে, তা নিয়ে সুনির্দিষ্ট কোনো পূর্বাভাস জানাতে পারেননি বিশেষজ্ঞরা। সংশ্লিষ্টরা বলছেন, এই সম্মেলনে বন্যার কথা সরাসরি না থাকলেও বৃষ্টিতে বন্যার ঝুঁকি সব সময়ই থাকে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ভারতের পুনেতে সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরামের ২৮তম অধিবেশনে সরাসরি বন্যার কথা বলা হয়নি। তবে বর্ষাকালের চার মাস বৃষ্টি বেশি হতে পারে, এ তথ্য জানানো হয়েছিল। তবে কবে হবে, সে বিষয়ে কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। আর বেশি বৃষ্টি হলে বন্যার শঙ্কা থেকেই যায়। 

এই আবহাওয়াবিদ আরও জানান, এবারের বর্ষাকালে বেশি বৃষ্টি হতে পারে এমন তথ্য তিনি গণমাধ্যমসহ সরকারি বিভিন্ন দপ্তরকে আগেই জানিয়েছিলেন। সেই সঙ্গে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটেও এ নিয়ে তথ্য ছিল বলে দাবি করেন বজলুর রশিদ। 

এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, যত দ্রুত সম্ভব মানুষের জীবন বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। পানি নামলে পুনর্বাসন কাজ শুরু হবে। এই বন্যার পূর্বাভাস ছিল না। আকস্মিক বন্যা হয়েছে।