ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন-অর-রশিদের মালিকানাধীন প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল বা সিআইসি টিম। সোমবার দুপুরে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের পাশে হাওরে অবস্থিত রিসোর্টটিতে এ অভিযান চালায় তারা।
সিআইসির পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানীর নেতৃত্বে গঠিত তদন্ত দল শতকোটি টাকার প্রেসিডেন্ট রিসোর্ট সরেজমিনে পরিদর্শন করেন। সেখানে গিয়ে রিসোর্টের জমির পরিমাণ, ভবনসহ অন্যান্য অবকাঠামো বাজারমূল্য পর্যালোচনা করেন। এ ছাড়া স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন তদন্ত দলের সদস্যরা।
হারুন অর রশীদের স্ত্রী শিরিন আক্তার ও মা জহুরা খাতুন প্রেসিডেন্ট রিসোর্টের পরিচালক। আর তাঁর ভাই এ বি এম শাহরিয়ার হলেন প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। হারুন অর রশীদ নিজে পরিচালনা পর্ষদে নেই।
আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের শাসনামলে দাপটের সঙ্গে কাজ করা পুলিশ কর্মকর্তাদের একজন হারুন অর রশীদ। আলোচনা–সমালোচনায় থাকা এই পুলিশ কর্মকর্তা গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন। তাঁর নামে হয়েছে একাধিক মামলা।