বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আপিল শুনানি এক দিনেই শেষ হয়েছে হাইকোর্টে। আজ মঙ্গলবার রায় ঘোষণা করবে বিচারপতি ভিষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন বেঞ্চ। আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ। আর আসামিদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী চান খালাস।
চলতি বছর দেশের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড এটি। গত ১৯ মে সকালে পাশের ফ্ল্যাটের প্রতিবেশী সোহেল রানা, ৮ বছরের রামিসাকে ফ্ল্যাটে ডেকে নিয়ে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করা হয়।
এ ঘটনায় প্রতিবাদে ফেটে পড়ে মানুষ। দ্রুত বিচারের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এর পর মাত্র ৫ কার্যদিবসে বিচারকাজ শেষ করে রায় দেয় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সোহেল ও তার স্ত্রীর স্বপ্নাকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। এর প্রায় সাড়ে পাঁচ মাস পর সোমবার হাইকোর্টে শুনানি হয় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের। একদিনের বিচার কার্যক্রম শেষ করে মঙ্গলবার রায়ের তারিখ দেয় হাইকোর্ট।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘মানুষ যে কত নৃশংস হতে পারে তা আসামির দেওয়া জবানবন্দিতে পাওয়া যায়।’
সোহেল রানা নিজেই দায় স্বীকার করে হত্যা ও ধর্ষণের জবানবন্দি দেওয়ায় সাজা বহাল চেয়েছে রাষ্ট্রপক্ষ।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আট বছরের এক শিশু আমাদের কাছে আদরের ধন। সে আপনার নিজের সন্তান হোক আর অন্যের সন্তান হোক। এমন একটি বাচ্চার প্রতি কুদৃষ্টি দিতে পারে এটি আপনার আমার চিন্তাতেও আসে না। এই ঘটনার শাস্তি মানুষ দেখতে চায়, যেন একই ধরনের ঘটনায় মানুষ প্রলুব্ধ না হয়, উৎসাহিত না হয়।’
আসামিরা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করলেও সরাসরি নিজেরা কোনো আইনজীবী দেননি। তবে ন্যায়বিচারের স্বার্থে হাইকোর্টেও তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান বলেন, ‘নিয়ম অনুযায়ী আসামি পক্ষের আইনজীবী খালাস চাইবে।’
আইনজীবীরা জানান হাইকোর্টের রায়ের পর কোনো পক্ষ আপিল না করলে, এরপর রায় কার্যকর হতে বাধা নেই।


