এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের ৩২ কোটি ১০ লাখের বেশি শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।
এর আগে, দুদকের পক্ষ থেকে এসব শেয়ার অবরুদ্ধ করার আবেদন করা হয়। আদালতে শুনানির পর তা মঞ্জুর করা হয়।
দুদকের পক্ষ থেকে আদালতে জানানো হয়, অবরুদ্ধ করা শেয়ারের মধ্যে রয়েছে এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন ২৪টি কোম্পানি। এসব শেয়ারের মূল্য সাড়ে তিন হাজার কোটি টাকা।
দুদকের পক্ষ থেকে আদালতকে আরও জানানো হয়, এস আলম পরিবারের সদস্যরা এসব শেয়ার হস্তান্তরের চেষ্টা করছেন বলে তদন্তে জানা গেছে।
এর আগে, ১৪ জানুয়ারি মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা রাজধানীর গুলশান, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরাসহ বিভিন্ন জায়গায় থাকা জমি, ফ্ল্যাট, প্লট, ভবনসহ ২০০ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত।