নারীদের ফুটবল খেলায় বাধা: ব্যবস্থা নেওয়ার আহ্বান বাফুফের 

নারীদের ফুটবল খেলা বন্ধ করতে জয়পুরহাটের আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠের টিনের বেষ্টনী ভাঙচুরের ঘটনায় ব্যবস্থা নিতে প্রশাসনকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার গণমাধ্যমে সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়েছে, বাফুফে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা বন্ধ করার উদ্দেশ্যে টিনের বেড়া ভাঙচুরের ঘটনাকে সমর্থন করে না। ফুটবল সবার জন্য, এবং নারী ফুটবলারদের খেলাধুলায় অংশগ্রহণের পূর্ণ অধিকার রয়েছে। নারীদের খেলাধুলায় বাধা সৃষ্টি করা ক্রীড়ার উন্নয়ন ও অগ্রগতির পরিপন্থি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বাস করে, দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।

গত মঙ্গলবার নারীদের ফুটবল খেলা বন্ধ করতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠের টিনের বেষ্টনী ভাঙচুর কর হয়। অভিযোগ উঠেছে স্থানীয় ‘বিক্ষুব্ধ মুসল্লী’ও মাদ্রাসার ছাত্ররা এ ঘটনায় জড়িত। ভাঙচুরের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করা হয়।

বাফুফের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং নারীদের ফুটবল খেলায় যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করা হোক। একই সঙ্গে, স্থানীয় সামাজিক সংগঠন ও ব্যক্তিত্বদের নারীদের ক্রীড়াচর্চায় সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানাই, যাতে ফুটবলসহ সব খেলাধুলায় নারী ও কিশোরীরা অবাধে অংশ নিতে পারে।