‘সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনে মার্কিন ডিএনএ সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে’

সাংবাদিক সাগর সারোয়ার ও রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আমেরিকান একটি ডিএনএ সংস্থাকে দায়িত্ব দিয়েছে সরকার। গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন সাগর-রুনির হত্যা মামলার আইনজীবী শিশির মনির।

আজ শনিবার বিকেলে সুনামগঞ্জের শাল্লা উপজেলার দিরাই শাল্লা উন্নয়ন ফোরামের মেধাবৃত্তি ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী শিশির মনির বলেন, ‘সাগর-রুনির হত্যা ব্যাপারে পিবিআই, সিআইডির সমন্বয়ে ৫ সদস্যের একটি জয়েন্ট ট্রাস্কফোর্স গঠিত হয়েছে। মাননীয় হাইকোর্টের নির্দেশে ৪ এপ্রিল আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।’ 

শিশির মনির আরও বলেন, ‘তদন্তকারী কর্মকর্তাদের সাথে আমার মিটিং হয়েছে। তারা তদন্তে বেশ কিছু অগ্রগতি দেখিয়েছেন। জেলে থাকা ব্যক্তিদের জবানবন্দি নেওয়া হয়েছে। আগে দায়িত্বে থাকা কর্মকর্তা, টেলিভিশনে দায়িত্ব থাকা ব্যক্তিদের জবানবন্দি নেওয়া হয়েছে। ফলে এই বিষয়টি তদন্ত সন্তুষজনক হবে।’

‘২০১২ সালে ঘটনার পর ১৩ বছর পার হয়ে গেছে। কিছু এ্যাবিডেন্স নষ্ট হয়ে গেছে। এজন্য সরকার আরেকটি এক্সপার্ট টিমকে দায়িত্ব দিয়েছে। আমেরিকান ডিএনও কোম্পানির সাথে কন্টাক্ট করেছে। তারা মিলে এর রহস্য উদঘাটন করবে।’—বলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই আইনজীবী।

এর আগে, নিজের উদ্যোগে ১৭টি স্কুল ও মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও ১০ জন অসহায় প্রতিবন্দীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন তিনি।