বিভক্তির জন্য বর্তমান রাজনীতি সৃষ্টি হয়নি, দেশের মঙ্গলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এ সব কথা জানান।
আজ সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। সংস্কার প্রক্রিয়ার সাথে যুক্ত সব রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
দ্বিতীয় ধাপের সংলাপের মধ্য দিয়ে জুলাই সনদ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশা করছে সরকার। ঈদুল আজহার আগে-পরে কয়েকটি বৈঠক হতে পারে।
এর আগে, বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তৈরির জন্য গঠন করা ৬টি কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন গত ৮ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে পেশ করে। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে গত ১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছে। এ ছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হালদার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণ ফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির নেতারা আসেন। এরপরে দ্বিতীয় দফায় ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন 'জাতীয় ঐকমত্য কমিশন'-এর সাথে রাজনৈতিক দলগুলোর প্রথম দফার আলোচনা শেষ হয় ১৯ মে।