রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ আজ। আজ পলাতক ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হবে।
আজ সোমবার সকালে কাশিমপুর কারাগার থেকে এই মামলায় গ্রেপ্তার চার পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আনা হয়।
তাঁরা হলেন শাহবাগ থানার বরখাস্ত ওসি (অপারেশন) আরশাদ হোসেন এবং কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও নাসিরুল। এছাড়া পলাতক চার আসামি হলেন তৎকালীন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এডিসি আখতারুল এবং এসি মোহাম্মদ ইমরুল।
মামলার অভিযোগে বলা হয়, এসব সিনিয়র পুলিশ কর্মকর্তাদের সরাসরি নির্দেশে চাইনিজ রাইফেল দিয়ে গুলি চালায় ৩ পুলিশ কনস্টেবল।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পদচ্যুত হওয়ার দিন রাজধানীর চানখাঁরপুলে পুলিশের গুলিতে আনাসসহ ৬ জন নিহত হয়। এই মামলায় রাষ্ট্রপক্ষ আসামিপক্ষের দুদিনের শুনানি শেষে আজ অভিযোগ গঠনের দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল-১।