মাইলস্টোন ট্র্যাজেডি: জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল দুই শিক্ষার্থী

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের মধ্যে দুই শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার দুপুরের পর আয়ান খান (১২) ও রাফসী (১২) নামের দুই শিক্ষার্থী হাসপাতাল থেকে ছুটি পায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. নাসির উদ্দিন বিষয়টি আজ বিকেলে এক এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন।

ডা. নাসির উদ্দিন বলেন, ‘আমাদের হাসপাতালে থাকা দুই শিক্ষার্থীর শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় তাদের আজ ছুটি দেওয়া হয়েছে।’

বার্ন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর নাসির উদ্দিন আরও বলেন, ‘এখন পর্যন্ত আমাদের হাসপাতালে ৩৬ জন চিকিৎসাধীন। এদের মধ্যে চারজনের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলছে। সিবিআর ক্যাটাগরিতে ৯ জন রয়েছে। বাকিরা অন্যান্য ওয়ার্ডে ভর্তি রয়েছে। আগামী এক সপ্তাহে আরও অন্তত ১০জনকে পর্যায়ক্রমে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

এদিকে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আজ সকালে আরও দুজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

প্রসঙ্গত, উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত একটি যুদ্ধবিমান গত ২১ জুলাই দুপুরে বিধ্বস্ত হয়। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় বিভিন্ন বাহিনী উদ্ধার অভিযানে যোগ দেয়। রাত পর্যন্ত চলে অভিযান। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। রাতেই ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়, যাদের মধ্যে বিমানটির পাইলট তৌকির ইসলামও ছিলেন। ওই দুর্ঘটনায় পরদিন মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।