দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে অধ্যক্ষ সম্মিলনে এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করা হয়েছে। এসময়, প্রযুক্তিনির্ভর শিক্ষায় গুরুত্ব দেন সরকার প্রধান।
রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজন করা হয়েছে অধ্যক্ষ সম্মিলন।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেব যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে নিজের বক্তব্যে, শিক্ষা ব্যবস্থার নানা দিক নিয়ে কথা বলেন তিনি। পাশাপাশি, শিক্ষা ব্যবস্থা নতুন গড়ে তোলার জন্য আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদের সময়কালে অন্য সবকিছুর মতো দেশের শিক্ষা ব্যবস্থাকেও মনে হয় ধ্বংস করে দেওয়া হয়েছিল। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার সবাই মিলে আমরা আসুন শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর করে গড়ে তুলতে কাজ শুরু করি।’
এসময়, শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন তোলেন সরকারপ্রধান। বলেন, শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতি হিসেবে বিবেচনা
করার দিন আর নেই।
প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতি হিসেবে সীমাবদ্ধ রাখা মনে হয় চূড়ান্ত সাফল্য নয়। কলেজের সংখ্যা অনেক বেড়েছে। বেড়েছে উচ্চশিক্ষার সুযোগ। শিক্ষার্থীও বেড়েছে। কলেজ ও শিক্ষার্থী বাড়লেও একটি প্রশ্ন সময়ের সাথে সাথে উঠে এসেছে যে, শিক্ষার মান আমরা কতটা বাড়াতে পেরেছি।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য নতুন প্রজন্মকে তৈরি করতে প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থায় জোর দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘চতুর্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে প্রযুক্তি নির্ভর উদ্ভাবনীমুখী দক্ষতাভিত্তিক কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিকল্প খুব সম্ভবত নেই।’
দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দ্বন্দ্বের প্রভাব যেন এসব শিক্ষা প্রতিষ্ঠানে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


