দুর্গাপূজায় বিঘ্ন ঘটাতে পাহাড়ে ষড়যন্ত্র হয়েছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা 

শারদীয় দুর্গাপূজায় বিঘ্ন ঘটাতে পাহাড়ে এক ধরনের ষড়যন্ত্র হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের সুখবাসপুরে পূজা মন্ডপ পরিদর্শন শেষে হিন্দু ভক্তদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবার পূজাকে বিঘ্ন করার জন্য পাহাড়ে এক ধরনের একটা ষড়যন্ত্র হয়েছে। কিন্তু তাদের এ ষড়যন্ত্র কার্যকর হয় নাই।’

খাগড়াছড়ির ঘটনার ইঙ্গিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখানে একজনকে ধরা হয়েছিল। কিন্তু, সে এ কাজের সাথে জড়িতই ছিল না। কিছু সন্ত্রাসী তাকে জোর করে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে। পরে দেখা গেলো ওখানে কোনো রেইপই হয় নাই (কোনো ধর্ষণের ঘটনা হয়নি)। এখানে একজন চাকমা ডাক্তার (ভিকটিমকে) পরীক্ষা করেছে। উনাদের যে উদ্দেশ্য ছিলো সেটা সফল হয় নাই।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবার পূজা খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে। বিশেষ করে মুন্সিগঞ্জে পূজা আরও শান্তিপূর্ণভাবে হচ্ছে। এজন্য ডিসি–এসপি প্রশাসনের কর্মকর্তা ও এলাকাবাসীকে ধন্যবাদ।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘আরও একটা দিন আছে। ভালোভাবে কেটে যাবে। এরপরে ৬ তারিখে আছে লক্ষ্মীপূজা। সেটাও ভালোভাবে কেটে যাবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।