দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন ৫ ঘণ্টায়ও নেভেনি। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও তাদের সহযোগিতা করছে নৌবাহিনী।
আগুনের কারণে শাহজালাল বিমানবন্দর থেকে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত রয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মাসুদ সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’
ফায়ার সার্ভিস জানিয়েছে, কার্গো ভিলেজের কুরিয়ার সেকশন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার দুপুর সোয়া ২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার খবর পাওয়া যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনীও কার্যক্রমে যুক্ত হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকক থেকে ঢাকায় আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। দিল্লি থেকে ঢাকা আসা ইন্ডিগো ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। এয়ার এরাবিয়ার শারহাজ থেকে ঢাকা আসা ফ্লাইটও চট্টগ্রামে অবতরণ করেছে। এছাড়া ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের একটি এবং মুম্বাইগামী ইন্ডিগোর একটি ফ্লাইট শাহজালালের ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে।
এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে ইউএস-বাংলা এয়ারলাইনসের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে।