সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারকে সহযোগিতা দিতে ২০২২ সালে ট্রাস্ট গঠন করে সরকার। ৩ বছরে ২ হাজার চেকের মাধ্যমে ৮৮ কোটি টাকার বেশি সহায়তাও দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ)। সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের এমন সহায়তা দেওয়ার তথ্যই জানেন না অনেকে। অথচ, এই তহবিলের বড় অংকের টাকা পড়ে আছে বিআরটিএর কাছে।
যাত্রী কল্যাণ সমিতি ও বিআরটিএ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের এককালীন বড় অংকের টাকা সহায়তা দেয় সরকার। দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে প্রমাণসহ বিআরটিএ অফিসে আবেদন করতে হয়।
যাচাই-বাছাই শেষে নিহত ব্যক্তির পরিবারকে এককালীন ৫ লাখ টাকা দেওয়া হয়। আর দুর্ঘটনায় গুরুতর অঙ্গহানি হলে দেওয়া হয় ৩ লাখ টাকা এবং যারা চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সম্ভবনা থাকে তিনি পান ১ লাখ টাকা।
ক্ষতিগ্রস্তদের মধ্যে যারা আবেদন করেছেন তাদের অনেকে টাকা পেলেও নিয়ম অনুযায়ী সহযোগিতা না পাওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ। তবে অনেকেই ক্ষতিপূরণের জন্য আবেদন করার প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও কোথায় যোগাযোগ করতে হবে সে সম্পর্কে জানেন না।
২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ২০ অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৯২৫ পরিবারকে ৮৮ কোটি ৮২ লাখ টাকা দিয়েছে বিআরটিএ। বোর্ডের তহবিলে এখনো আছে ২২০ কোটি টাকা।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা পাওয়ার জন্য দরকার, গণমাধ্যমের খবরের কপি, মামলার নথি ও হাসপাতলে চিকিৎসার তথ্য বা মৃত্যুসনদ।