এক্সপ্রেসওয়ে প্রকল্পে ফ্ল্যাট বরাদ্দ: ওবায়দুল কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ১৩ জন সচিব ও কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গেজেটের বাইরে গিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে'র আবাসন প্রকল্পে ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার অভিযোগে এই মামলাটি করা হয়। দুদকের মহাপরিচালক জানিয়েছেন, এই প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অধিগ্রহণ করা জমিতে অবৈধভাবে আবাসন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ২০১৮ সালে গেজেট অনুযায়ী ৪০ একর জমি অধিগ্রহণ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। পরে, গেজেট না মেনে সেই জমিতে সরকারি কর্মচারীদের জন্য আবাসন তৈরি করা হয় বলে অভিযোগ করে দুদক।

এ ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, আহমদ কায়কাউসসহ মোট ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, “রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত ফ্ল্যাটে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা–কর্মচারীসহ প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে বরাদ্দ নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়েছে।”

এদিকে, সাড়ে ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ইলিয়াস উদ্দিন মোল্লা ও তার স্ত্রীর বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক।

দুদক জানিয়েছে, ইলিয়াস মোল্লা ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ১৮১ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তদন্তে সম্পদের পরিমাণ বাড়লে তা চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে।