দুই উপদেষ্টার পদত্যাগ কার্যকর তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে: প্রেস সচিব

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এর তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে এক ব্রিফিংয়ে দুই উপদেষ্টার পদত্যাগের খবর নিশ্চিত করে তিনি জানান, তাঁরা বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের বৈঠকেও অংশ নেবেন।

শফিকুল আলম বলেন, ‘বিকেল ৫টায় উপদেষ্টা আসিফ ও উপদেষ্টা মাহফুজ প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র দিয়েছেন। তাঁদের পদত্যাগ তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। এই দুই শূন্য পদে কারা দায়িত্বে আসবেন তা প্রধান উপদেষ্টা নির্ধারণ করবেন।’

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাঁদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ, তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না। এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি, আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে।’

নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে দুই ছাত্রনেতার উদ্দেশে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ, তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে।’