আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে কঠোরভাবে আইনের শাসন প্রতিষ্ঠার বার্তা দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
আজ মঙ্গলবার সকারে নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে এ বার্তা দেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপ–মহাপুলিশ পরিদর্শক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে ব্রিফিংয়ে কথা বলেন সিইসি।
এ এম এম নাসির উদ্দীন বলেন, যে গুরুদায়িত্ব ইসিসহ সকলের কাঁধে পড়েছে সেটি নিশ্চয়ই সফলভাবে সম্পন্ন করা হবে। আইনের শাসন কাকে বলে সেটি দেখিয়ে দিতে চায় ইসি। কেননা সামষ্টিকভাবে ইসির ওপর যে অপবাদ সেটি ঘোচাতে চায় ইসি। এটি একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব।
সিইসি বলেন, ইফেক্টলি (কার্যকরভাবে) মাঠ পর্যায়ে সরকারকে সচল রাখে প্রশাসন। ক্রান্তিলগ্নে ইসির ওপর যে দায়িত্ব বর্তেছে, সেটি করতে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের সামনে জবাব দেওয়া যাবে না।