বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথকভাবে এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশব্যাপী গভীর শোকের আবহ বিরাজ করছে। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
এই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথকভাবে এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে তাঁরা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন।
উল্লেখ্য, খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার বাদ জোহর বেলা ২টায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণে আগ্রহী সকলকে নিরাপত্তাজনিত কারণে কোনো প্রকার ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হয় বিবৃতিতে।
খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আগত সকলের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলেও বিবৃতিতে জানানো হয়।
৩৭ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। খালেদা জিয়ার জানাজায় সবার অংশগ্রহণের সুবিধার্থে বুধবার থাকবে সাধারণ ছুটি।