গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে আগুন দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সোমবার এক বিবৃতিতে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনারও অনুরোধ করেন তিনি।
মুহাম্মদ ইউনূস জানান, ব্যাংকটির এমডি পদ ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে সরানোর পর থেকে এর ব্যবস্থাপনা বা পরিচালনায় তার সম্পৃক্ততা নেই। এর কোনো শেয়ারের মালিকও নন তিনি।
বিবৃতিতে অধ্যাপক ইউনূস বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরেই গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা হয়েছে। নাশকতার ধরন দেখে তার ধারণা, এর জন্য অপরাধীরা ওপরের মহল থেকে নির্দেশনা পাচ্ছে।
মুহাম্মদ ইউনূস বলেন, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এমপি নুসরাত তাবাসসুম, বিএনপির ৩ এমপির বাড়ি এবং তিনটি থানায় আগুন দেওয়া হয়।
অধ্যাপক ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক হামলা গরিব নারীদের নিরাপত্তা, স্বাধীনতা ও তাদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।
তিনি জানান, এসব হামলায় লাখ লাখ গ্রামীণ নারী আতঙ্কে দিন কাটাচ্ছেন।


