চুয়াডাঙ্গায় বিএনপির নেতার মৃত্যু, দুঃখ প্রকাশ করে যা বলল আইএসপিআর

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে আটক পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫৫) মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১২ জানুয়ারি রাত ১১টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান চালায় যৌথবাহিনীর। অভিযানকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. শামসুজ্জামান ওরফে ডাবলু (৫০) নামের একজনকে আটক করা হয়।

পরবর্তীতে, আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে টহল দল একটি ফার্মেসিতে তল্লাশি পরিচালনা করে একটি ৯ মি. মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযান শেষে আটক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে রাত ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এরই মধ্যে ওই ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যদেরকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া সঠিক কারণ উদঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।