শেরপুর-৩ আসনে নির্বাচনের বিষয়ে যা জানাল ইসি

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জাতীয় নির্বাচনের পর ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। বুধবার নির্বাচন কমিশনে (ইসি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আরপিওর ১৭ অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল দেওয়ার কোনো সুযোগ নেই। পরবর্তীতে কমপক্ষে ১৫ দিন সময় দিয়ে নির্বাচনের আয়োজন করা হয়েছে।’

মঙ্গলবার রাতে শেরপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের মৃত্যুর হয়। এরপর বুধবার সকালে আসনটিতে নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘বিভিন্ন আসনে প্রার্থীদের আচরণবিধি ভঙ্গের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ অনিয়ম করলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে কমিশন। জুডিশিয়ারি তদন্ত কমিটির কাছে যদি কেউ অভিযোগ জানায় যে কোনো বাহিনীর সঙ্গে প্রার্থী দুব্যবহার করেছে, সেটি প্রমাণিত হলে ব্যবস্থা নেবে। এ ছাড়া মোবাইল কোর্ট অ্যাকটিভ আছে। ইতিমধ্যেই শাস্তি ও জরিমানাও করা হয়েছে।’

এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। ইসি মাছউদ বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে।’

এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা-১৩ আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শাহরিয়ার ইফতেখার।