ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে সাংবাদিক ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, দিল্লির মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তির ৮ নম্বর ধারা অনুযায়ী তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে ওই প্রজ্ঞাপনে।
ফয়সাল মাহমুদ ২০২৪ সালের ২৪ নভেম্বর দুই বছরের জন্য নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার পদে নিয়োগ পেয়েছিলেন। সেই হিসেবে ২০২৬ সালের ২৩ নভেম্বর তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। প্রেস মিনিস্টার হওয়ার আগে তিনি ‘বাংলা আউটলুক’-এর সম্পাদক ছিলেন। নতুন সরকার গঠনের প্রাক্কালে প্রশাসনের বিভিন্ন স্তরে সংস্কারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।