নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু হয়েছে: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন সার্বিকভাবে গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক এবং অন্তর্ভুক্তিমূলক হয়েছে। তবে প্রতিদ্বন্দ্বী দল ও প্রার্থীরা অনেক ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের পরিপূর্ণ সফল হয়নি।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

টিআইবি নির্বাহী পরিচালক বলেন, ‘সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক এবং অন্তর্ভুক্তিমূলক হলেও প্রতিদ্বন্দ্বী দল ও প্রার্থীরা অনেক ক্ষেত্রে আচরণ বিধি প্রতিপালনের পরিপূর্ণ সফল হয়নি।’

নির্বাচনে অনিয়ম সম্পর্কে ইফতেখারুজ্জামান বলেন, ‘ভোটারদের হুমকি দিয়ে কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার হার ৪৬ শতাংশ, নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করার হার ৩৫.৭ শতাংশ, জাল ভোটের হার ২১.৪ শতাংশ, ভোটগ্রহণের আগে ব্যালটে সিল দেওয়ার হার ১৪.৩ শতাংশ, নির্বাচন পরবর্তী রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ ৪৫টি।’

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘অর্থ, পেশি ও ধর্মের ব্যবহার অন্য নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে।’

নির্বাচনে ভোট পড়ার হার প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, ‘৬০ শতাংশ ভোটের হার বাংলাদেশের তুলনায় প্রত্যাশিত নয়। ভোট দিলে কোনো লাভ নেই, এই অনাস্থার কারণে ৪০ শতাংশ মানুষ ভোট দেয়নি।’

কমিশনের নিরপেক্ষতার মান্যতা দিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটি অংশের মধ্যে নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে।’