ভেবেছিলাম প্রেস সচিবের দায়িত্ব ছাড়লে ফলোয়ার কমবে, আসলে বেড়েছে: শফিকুল আলম 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আগের চেয়ে বেশি মানুষ সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে ফলো করছেন। এ নিয়ে বিস্ময় প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান তিনি। সাবেক এই প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছেড়ে সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন।

গত মঙ্গলবার দেশে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বন্ধ ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও।

শফিকুল আলম ফেসবুকে লিখেছেন, ‘ইউসুফ সরকারের (অধ্যাপক মুহাম্মদ ইউনূস) মুখপাত্র হিসেবে আমার ১৮ মাস ৪,৯৮,০০০ অনুসারী নিয়ে শেষ করেছি। আমি ধরে নিয়েছিলাম, একবার আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে প্রেস ব্রিফিং করা বন্ধ করে দিলে, সংখ্যাটি দ্রুত হ্রাস পাবে।’

তিনি লিখেছেন, ‘আশ্চর্যজনকভাবে, গত দুই দিনে ফলোয়ার অর্ধ মিলিয়নেরও বেশি ছাড়িয়ে গেছে। কী হচ্ছে? আমি সত্যিই সম্মানিত। ধন্যবাদ বন্ধুরা!’