প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের পর সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবার সরকারি বাসভবন ‘যমুনা’ ছেড়ে গুলশানে তাঁর ব্যক্তিগত বাসভবনে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
আজ রোববার ড. ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে এ তথ্য জানানো হয়। ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে যে, চলতি মাসের শেষ নাগাদ তিনি গুলশানে তাঁর স্থায়ী ঠিকানায় ফিরে যাবেন।
পোস্টে আরও জানানো হয়েছে, আজ সকালে অধ্যাপক ইউনূস মিরপুরের গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত 'ইউনূস সেন্টারে' নিজের দপ্তরে ফিরেছেন। দপ্তরে ফেরার পরপরই প্রফেসর ইউনূস গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউনূস সেন্টারের উপদেষ্টাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি সামাজিক ব্যবসা ও তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট এক গণঅভ্যুথানে তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসবাস করছেন।
চলতি মাসের ১২ তারিখে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট দুই-তৃতীয়াংশ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরপর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও তাঁর মন্ত্রীসভা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ গ্রহণের মাধ্যমে ক্ষমতায় আসীন হয়।