ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাক্টিভেট করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন। আজ সোমবার বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে মুখ্য সচিবকে উদ্ধৃত করে বলা হয়, ‘দেশের জনসাধারণ ও সব মিডিয়াকে জানাচ্ছি যে, আমি এ বি এম আবদুস সাত্তার, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আমার ব্যক্তিগত ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি এবং ওই অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট করা হয়েছে।’

পোস্টে আরও বলা হয়, ‘এমতাবস্থায় আমার নাম ও পদবি ব্যবহার করে যে কোনো ব্যক্তি জাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করে এর মাধ্যমে বিভ্রান্তি, অসংগতিপূর্ণ তথ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার জন্য আমি দায়ী থাকব না। জনসাধারণকে সতর্ক করা হচ্ছে যে এই ধরনের জাল অ্যাকাউন্ট ব্যবহারের ঘটনা ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণ এবং মিডিয়াকে অনুরোধ করা হচ্ছে, শুধুমাত্র অফিশিয়াল সূত্র থেকে তথ্য গ্রহণের জন্য সচেতন থাকুন।’