কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত  

কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আগামী ২ মার্চ বেলা ১১টায় বাংলা একাডেমিতে তাঁকে এ পুরস্কার দেওয়া হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার ঘোষণার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রাখা হয়। এরপর উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করার জন্য গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। অভিযোগসমূহ পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

এর আগে মনোনয়নের তালিকায় নাম থাকার পরও গত ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানকে। বাংলা একাডেমি জানায়, তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠায় পুরস্কারটি সাময়িকভাবে স্থগিত করা হয়।