মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে অগ্নিকাণ্ডে সেখানে কর্মরত পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতরা হলেন– তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রবাসীদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। সেই সঙ্গে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। 

এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে, বাংলাদেশ হাইকমিশন থেকে ঘটনাটি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ওই ৫ জনের মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ওই অগ্নিকাণ্ডে আরও দুইজন প্রবাসী বাংলাদেশি কর্মী আহত হয়েছেন। তাঁরা হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। আহতদের মালেতে আইজিএম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।