চলতি মাসেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছে বোয়েসেল। আর বেসরকারির পুরো প্রক্রিয়া অনলাইন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে অনিয়ম ঠেকানো এবং কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ দেয়া সম্ভব বলে মত তাদের।
সরকারিভাবে বিনাখরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগে প্রথম ধাপে পুরুষ কর্মী নিয়োগ প্রক্রিয়া চলমান। নির্বাচিতরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে কাজের সুযোগ পাবেন। নিয়োগের পুরো প্রক্রিয়াই চলছে অনলাইনে।
সরকারি এজেন্সি বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, এখন পর্যন্ত ১ হাজার ১০৩টি চাহিদাপত্র এসেছে। যার মধ্যে ৫৬৮টি চাহিদাপত্র সত্যায়ন করেছে ঢাকায় মালয়েশিয়ার দূতাবাস। এগুলোর আওতায় চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ৩৫৮ জন। প্রথম যাত্রা শুরু হবে এ মাসের শেষ দিকে।
এদিকে বেসরকারিভাবে কর্মী পাঠাতে ১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয় নির্ধারণ করেছে সরকার। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, সবার সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত খরচ ঠিক করা জরুরি। অনিয়ম ঠেকাতে পুরো প্রক্রিয়া অনলাইন করতে হবে। এজেন্সিকে কাজ বণ্টন করবে বিএমইটি।
অভিবাসন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ রাশেদ আলম ভুঁইয়া জানান, ভিসা বাণিজ্য কমাতে মালয়েশিয়া থেকে চাহিদাপত্র সরাসরি দেশে আনার ব্যবস্থা করতে হবে। খরচ কমাতে এজেন্সিগুলোকে ভর্তুকি দেয়ারও পরামর্শ এই অভিবাসন বিশেষজ্ঞর।


