জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনে শোকপ্রস্তাবে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করা নিয়ে গতকাল থেকেই বিতর্ক চলছে। আজ এ নিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন সংগঠন।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এক বিবৃতিতে এই ঘটনাকে ‘চরম বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করেছে। সংগঠনটি বলছে, একাত্তরে গণহত্যা, গণধর্ষণ ও যুদ্ধাপরাধের সাথে জড়িত দণ্ডিত যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণ করে ধৃষ্টতা দেখানো হয়েছে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলও (বাসদ) এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। তারা বলছে, এই পদক্ষেপের মধ্য দিয়ে কলঙ্কময় নজির স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলছে, এই পদক্ষেপের মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সাথে প্রতারণা করা হয়েছে।