রোহিঙ্গা প্রত্যাবাসনের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহায়তা লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী  

রোহিঙ্গা প্রত্যাবাসনকে সরকারের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরে এর টেকসই সমাধানে আন্তর্জাতিক সহায়তা কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার সকালে নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের পেকুয়ায় ঈদের নামাজ আদায় শেষে তিনি এ কথা বলেন।

সকাল ৯টায় পেকুয়া ঈদগাহ ময়দানে স্বরাষ্ট্রমন্ত্রী এলাকাবাসীর সঙ্গে ঈদ জামাত আদায় করেন। ঈদের জামাত শেষে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।’

সম্প্রতি ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের উদ্যোগে ‘গ্লোবাল সামিট অন ফ্রড’-এর প্রসঙ্গে মন্ত্রী বৈশ্বিক প্রতারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী পারিবারিক কবরস্থানে বাবা–মায়ের কবর জিয়ারত করেন।

ঈদ উদযাপন করতে তিন দিনের সফরে শুক্রবার কক্সবাজারে আসেন সালাহউদ্দিন আহমদ। ঈদের দিন এলাকাবাসীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ছাড়াও কয়েকটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।