২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দেন। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে, দুপুরে আবদুল জলিল মণ্ডলকে ট্রাইব্যুনালে আনে ডিবি পুলিশ। পরে এ মামলার শুনানির জন্য ৫ এপ্রিল ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। জলিলকে শাপলা চত্বরে মামলায় গ্রেপ্তার দেখান আদালত। নির্দেশ দেওয়া হয় করাগারে পাঠানোর।
প্রসিকিউটর আবদুস সাত্তার শুনানিতে বলেন, আবদুল জলিল মণ্ডলের বিরুদ্ধে গত বছরের ১৪ মে ট্রাইব্যুনাল পরোয়ানা জারি করেন। তাঁকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে। তাঁর আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।
এর আগে, সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে জলিলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শাপলা চত্বরের ঘটনার সময় আবদুল জলিল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।