চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ৩০ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় (প্রথম আট মাস) এ বছর ৪ হাজার ২২৬ কোটি টাকা কম খরচ হয়েছে বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।
জুলাই ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আট মাসের এডিপি বাস্তবায়নের হালনাগাদ বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে আইএমইডি।
এই আট মাসে উন্নয়ন প্রকল্পে খরচ হয়েছে ৬৩ হাজার ৩২৭ কোটি টাকা। বাস্তবায়নের হার ৩০ দশমিক ৩১ শতাংশ। উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থবছরের একই সময়ে (প্রথম আট মাসে) খরচ হয়েছিল ৬৭ হাজার ৫৫৩ কোটি টাকা।
চলমান অর্থবছরে এডিপি’র আকার ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা। প্রথম ৮ মাসের হিসাবে গত ৫ বছরের মধ্যে এবছর দ্বিতীয় সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন হয়েছে। এ প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করেন, প্রকল্প বাস্তবায়নে সক্ষমতার অভাব রয়েছে।