বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট চলছে

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপ-নির্বাচনের ভোট চলছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বগুড়া-৬ আসনের প্রার্থীরা হলেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের ইসলামীর আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলেপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।

৪ লাখ ৫৪ হাজার ৪৩ ভোটারের আসনটিতে মোট ভোটকেন্দ্র ১৫১টি। ভোটের মাঠে নিরাপত্তা নিশ্চিত করতে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮ প্লাটুন বিজিবি, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে, শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মাহমুদুল হক, জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান ও বাসদ প্রার্থী মিজানুর রহমান। ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২৮টি কেন্দ্রে ভোট দেবেন ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার।