নেতিবাচক খবরের পাশাপাশি গণমাধ্যমকে ইতিবাচক খবরগুলোও তুলে ধরার অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। বুধবার জাতীয় সংসদে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, ‘চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড বন্ধ হওয়ার সংবাদটি গুরুত্বসহকারে মিডিয়ায় প্রচারিত হয়েছে। এই সংবাদের সঙ্গে সম্পর্কিত দুই লাখ মেট্রিক টন তেল নিয়ে দুটি জাহাজ ঘাটে নোঙর করার সংবাদটিও প্রচার হওয়া উচিত ছিল। গণমাধ্যমের উচিত নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবরগুলোও সমানভাবে তুলে ধরা।’
মো. নূরুল ইসলাম বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের সার্বিক কল্যাণে কাজ করছেন। মানবিক কল্যাণ, মানবিক রাষ্ট্র গঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখাই তাঁর প্রধান লক্ষ্য। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি তিনি সব ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।’
কর্মসংস্থান তৈরিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘আমরা অনেকগুলো ভাষায় মানুষকে শিক্ষিত করতে চাই যাতে দক্ষ জনশক্তি তৈরি হয়। মধ্যপ্রাচ্যে কাজের জন্য আরবি, চীনে মান্দারিন, ইতালিতে ইতালিয়ান, কোরিয়ায় কোরিয়ান এবং জাপানে কাজের জন্য জাপানি ভাষা শিখতে হবে।’ তবে তিনি দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, শিক্ষামন্ত্রী সারা দেশ ঘুরে এ বিষয়ে একটি নির্দেশিকা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন।
সংবিধান সংশোধন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ‘সংবিধান সংশোধনের বিষয়ে আমাদের ও বিরোধী দলের মাঝে কিছু মতপার্থক্য থাকলেও আমরা দ্রুতই ঐক্যমতে পৌঁছাব এবং সম্মিলিতভাবে প্রস্তাব আনব। আমাদের মূল লক্ষ্য হলো গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা ও দেশের গঠনমূলক উন্নয়নে কাজ করা। পার্লামেন্টে আলোচনা ও সমালোচনার মাধ্যমেই আমরা সমৃদ্ধ হতে চাই।’