হামলার আশঙ্কায় সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

হজরত শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে একটি চিঠি পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। 
 
সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান জানান, পুলিশ সদর দপ্তর থেকে সতর্কতার চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষকেও দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমাত্রার সতর্কতা জারি করে। বিমানবন্দরের কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। 

সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান আরও জানান, সিকিউরিটি পারসন ছাড়া বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা তল্লাশিতে যেন কোনো ঘাটতি না হয় সে ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, অ্যরাইভাল ও ডিপারচার সবক্ষেত্রে নিরাপত্তা তল্লাশিও জোরদার করা হয়েছে। কোনো কিছু অস্বাভাবিক দেখা মাত্রই দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে। 

সম্প্রতি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান ডিএমপির সিটিটিসি বিভাগের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দিন। নিরাপত্তা জোরদারে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর।