কলকারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।  

মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সভায় শ্রমিকদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে এসব কার্যক্রম ও নির্দেশনা বাস্তবায়নে সবাইকে অগ্রাধিকারভিত্তিতে কাজ করার আহ্বান জানান ধরেন রাষ্ট্রপতি। 
 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রমিকদের অবদান ও আত্মত্যাগের কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি বলেন, প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্স ও তৈরি পোশাক শ্রমিকদের ঘামের বিনিময়ে রপ্তানি আয় রিজার্ভ ও অর্থনীতির প্রাণশক্তি। 

 
শ্রমজীবীদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেয়া যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরপরই শ্রম সংশোধন আইন, ২০২৬ পাস করেছে। এক্ষেত্রে আন্তর্জাতিক শ্রমমান অনুযায়ী শ্রমিকদের অধিকার আরও সুরক্ষিত হয়েছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।   

আলোচনা সভায়, ২০২৫ সালে মিরপুরের রুপনগরে কেমিক্যাল গোডাউনে অগ্নি দুর্ঘটনায় নিহত ১৩ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।