আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসসহ বেশ কিছু কর্মসূচি উদ্বোধনে আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে ঘিরে সিলেটের মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

বিমানে সকাল ১০টায় সিলেট পৌঁছানোর পর প্রথমে হযরত শাহজালালের মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পরে সিলেট সার্কিট হাউসসংলগ্ন চাঁদনীঘাটে নগরীর জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও সুধী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান।

দুপুরে কাশিপুর ইউনিয়নের বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। আর বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া শিল্পকলা একাডেমিতে একটি সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর এটিই তারেক রহমানের প্রথম সিলেট সফর।