শেয়ার কেলেঙ্কারি তদন্তে সাকিবসহ ১৫ জনের নথি জব্দ করল দুদক

শেয়ার বাজারে কারসাজি তদন্তে ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের নথি জব্দ করেছে দুদক। তাদের বিরুদ্ধে আড়াইশো কোটি টাকা আত্মসাতের মামলা রয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে এসব নথি জব্দসহ আরও তথ্য চাওয়া হয়েছে। এদিকে সাকিবের অর্থ পাচার ও অবৈধ সম্পদের বিষয়ে নথিপত্র পেতে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক।

দুদকের দুর্নীতিবিরোধী শুভেচ্ছা দূত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এখন তাঁর বিরুদ্ধেই তদন্ত করছে কমিশন।

মগুরা-১ আসনের সাবেক এই এমপিসহ আবুল খায়ের হিরু চক্রের ১৫ জনের বিরুদ্ধে ২৫৬ কোটি টাকা লোপাটের অভিযোগে মামলা করে দুদক। শেয়ার বাজার কেলেঙ্কারির এ ঘটনায় সাকিবের বিরুদ্ধে সরাসরি ২ কোটি ৯৫ লাখ আত্মসাতের অভিযোগ রয়েছে।

দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম বলেন, ‘সিকিউরিটি এক্সচেঞ্জ থেকে সংশ্লিষ্ট যেখানে তদন্তের প্রয়োজনে চিঠিপত্র দেওয়া দরকার সেখানেই তদন্ত কর্মকর্তারা চিঠিপত্র পাঠিয়েছেন। তদন্তে যেসব তথ্য পাবেন তার পরিপ্রেক্ষিতে প্রতিবেদন দাখিল করবেন।’

এ ঘটনার তদন্তে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযুক্ত ১৫ জনের আরও তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে দুদকের কমিটি। 

দুদক উপপরিচালক বলেন, ‘এ বিষয়ে তদন্ত কর্মকর্তার পূর্ণ স্বাধীনতা আছে। তদন্ত চলাকালে যেখানে যেখানে প্রয়োজন সেখানে চিঠি পাঠিয়েছেন।’