রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দ্রুত বিচার হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ মামলায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের এসব কথা জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান। আইনমন্ত্রী বলেন, রামিসার ঘটনা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর, দুঃখজনক ও ঘুণে ধরা সমাজের দৃষ্টান্ত। বিচারের দৃষ্টান্ত স্থাপন না করতে পারলে খারাপ বার্তা তৈরি হবে।
তিনি বলেন, রামিসার ঘটনার বিচার আশা করি দ্রুত হবে। বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য যা কিছু করার, করব। পুলিশ কমিশনারকে তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে করতে বলেছি।
মন্ত্রী বলেন, মাগুরার আছিয়া, ঢাকার রামিসা-সবকিছুই আমাদের মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করে। এমন অপরাধ কোনোভাবেই আনচ্যালেঞ্জড হতে দেব না।
বিচার ব্যবস্থা নিয়ে নিহত রামিসার বাবার অনাস্থার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আছিয়ার মামলার এখনো ফাঁসি কার্যকর হয়নি; রামিসার বাবা অমূলক কিছু বলেননি। বিচার ব্যবস্থার মামলার জট নিরসনে পদক্ষেপ নেব।
তিনি বলেন, আছিয়ার মামলায় ৭ দিনের মধ্যে চার্জশিট দিয়েছিলাম, ১ মাসে ট্রায়াল শেষ হয়েছিল। মামলার গুরুত্ব অনুধাবন করে পেপার বুক করা উচিৎ। বিচার প্রক্রিয়াকে অতিদ্রুত করতে পারলে রামিসার বাবার প্রশ্নের জবাব দিতে পারব। বিচার কার্যকর করা সুপ্রিম কোর্টের হাতে, বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারি না।
গত মঙ্গলবার মিরপুরের পল্লবীতে রামিসাকে পাশের ফ্লাটে হত্যা করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা করা হয়েছে। পরে বুধবার রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে অভিযুক্ত সোহেল রানা। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়েছে।