৮৪ কোটি টাকা ঋণ খেলাপি

এস আলম ও তাঁর পরিবারের ১১ জনের বিরুদ্ধে সাজা পরোয়ানা  

ইসলামী ব্যাংক চট্টগ্রামের খাতুনগঞ্জ কর্পোরেট শাখার ৮৪ কোটি ৪৯ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তাঁর পরিবারের ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি সাজা পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম অর্থ ঋণ আদালত-১। বৃহস্পতিবার বিচারক মো. হেলাল উদ্দিন এই আদেশ দেন।

আদালতে ব্যাংকের আবেদনে উল্লেখ করা হয়, এই ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক ছিল না। এছাড়া ডিক্রি জারির পরও দায়ীদের মালিকানাধীন কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি পাওয়া যায়নি। ঋণের টাকা আদায়ে অন্য কোনো কার্যকর উপায় না থাকায় ব্যাংক অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৪ ধারা অনুযায়ী দায়ীদের দেওয়ানি কারাদণ্ডের আবেদন করে।

সাজা পরোয়ানা জারি করা হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, ওজি ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান গুফরানুল আলম, ব্যবস্থাপনা পরিচালক হাকিম আলী, এবং ওসমান গনি, মো. রাশেদুল আলম, ফারজানা বেগম, আবদুস সামাদ, মোহাম্মদ আবদুল্লাহ হাসান, শহিদুল আলম, ফারজানা পারভীন ও আহসানুল আলমের বিরুদ্ধে। তাঁদের বর্তমান ঠিকানা চট্টগ্রামের পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার ‘এস আলম হাউস’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আদালতের এই সিদ্ধান্তের মাধ্যমে ৮৪ কোটি টাকার ঋণ খেলাপি মামলায় দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ কার্যকর হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, মামলার বিষয়টি দীর্ঘ সময়ের মধ্যে যথাযথ তদন্ত ও অনুসন্ধানের পর আদালতে প্রমাণিত হওয়ায় এই সাজা জারি করা হলো।