সৌদিতে বাড়ছে তাপমাত্রা, হাজিদের সতর্ক থাকতে যে নির্দেশনা দিল মন্ত্রণালয়

মিনা ও মুজদালিফায় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, মিনা ও মুজদালিফা এলাকায় তাপমাত্রা ইতোমধ্যে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের গতি সীমিত থাকলে দুপুরের দিকে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

এ পরিস্থিতিতে হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুতির মাত্রা বাড়ানো এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। একই সঙ্গে হাজিদের নিরাপত্তার স্বার্থে সরাসরি সূর্যের আলো ও তীব্র গরমের সময় হাঁটাচলা থেকে বিরত থাকার এবং যথাসম্ভব তাঁবুর ভেতরে অবস্থান করার পরামর্শ দিতে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়েছে।

শনিবার সৌদি সরকারের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ হাজিদের রোদে ছাতা ব্যবহার, পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা ও পরিচালন বার্তা মেনে চলতে হজযাত্রীদের উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

সৌদি সরকারের এ গুরুত্বপূর্ণ নোটিশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশি হজযাত্রীদেরও তীব্র গরমে সতর্কতা অবলম্বন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।