শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলাসহ আলোচিত সব মামলার রায় যাতে হাইকোর্টে এসে দীর্ঘসূত্রতার কবলে না পড়ে, এ জন্য আলাদা বেঞ্চ গঠন করার তাগিদ দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে আলাদা বেঞ্চের প্রয়োজনীয়তা তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব-উদ্দিন খোকন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলায়, সামাজিক চাপ ও সরকারের সদিচ্ছার কারণে বিচারিক আদালতে দ্রুত বিচার ও সাজা হয়। কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হওয়ায় এবং ডেথ রেফারেন্সের শুনানিতে হাইকোর্টে সবচেয়ে বেশি সময় ব্যয় হয়। এক্ষেত্রে বেশি সময় লাগে পেপার বুক তৈরিতে। কারণ মামলার আদ্যপান্ত নিয়ে পেপার বুক সরকারিভাবে তৈরি করা হয়।’
চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘হাইকোর্টে বছর ও তারিখের ক্রম অনুযায়ী শুনানি হয়ে থাকে। এক্ষেত্রে ডেথ রেফারেন্সের মামলার শুনানির জন্য বেঞ্চের সংখ্যা বাড়াতে হবে।’
এ সময় সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, ‘প্রধান বিচারপতি তার এখতিয়ার অনুযায়ী, চাইলে নারী ও শিশু নির্যাতনসহ গুরুত্বপূর্ণ মামলাগুলোর জন্য আলাদা বেঞ্চ গঠন করে দিতে পারেন।’