আজ সোমবার থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি। সরকারি ছুটি শুরু হওয়ায় সড়কে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। তবে গাড়ির চাপ বাড়লেও বড় কোনো যানজট ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ।
এদিকে আজ বিকেলে থেকে পোশাক কারখানায় ছুটি শুরু হওয়ায় সন্ধ্যার পর থেকে যাত্রীদের চাপ আরও বাড়বে বলে জানিয়েছে বাস কর্তৃপক্ষ।
ঈদের তিন দিন বাকি থাকায় নৌ ও রেলপথেও বাড়ছে যাত্রীর চাপ। আজ ভোর থেকে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে কমলাপুর রেলস্টেশনে। ট্রেনে ভ্রমণ নিরাপদ করতে ছাদে যাত্রী ওঠা বন্ধে কঠোর অবস্থানে রেল কর্তৃপক্ষ।
এদিকে ভোগান্তি না থাকায় স্বস্তির ঈদযাত্রা বলছেন বাসযাত্রীরা। এখনো পর্যন্ত বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে নৌকা বা ট্রলারে করে যাত্রী লঞ্চে উঠালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।